স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন। গণমাধ্যমকে তবলাশিল্পী পল্লব জানান, ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১২ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে তার মৃত্যু হয়েছে। মলয় কুমার গাঙ্গুলীর বয়স হয়েছিল ৮০ বছর।
প্রখ্যাত এ লোকসংগীতশিল্পী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ রোববার রাত ২টায় তার মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। মলয় কুমার গাঙ্গুলীর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন, সোমবার (১৩ জানুয়ারি) রাতে তার ফেরার কথা। এরপর শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে ১৯৪৬ সালে মলয় কুমার গাঙ্গুলীর জন্ম হয়। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। বেতারকেন্দ্রে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানে এককভাবে কণ্ঠ দেন মলয় কুমার গাঙ্গুলী।
‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গেয়ে শ্রোতামহলে সাড়া ফেলেছিলেন মলয় কুমার গাঙ্গুলী। গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। ‘আমার মনতো বসে না’সহ বেশ কয়েকটি সিনেমার গানে পাওয়া গেছে তাঁকে।
আলোচিত গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’–এর সুরকার তিনি, গানটি গেয়েছেনও তিনি। হাসান মতিউর রহমানের লেখা গানটি পরবর্তী সময়ে সাবিনা ইয়াসমীনও গেয়েছেন।


