প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন পর্যবেক্ষণের জন্য গঠিত আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে হাইকোর্টে একটি মামলা হয়েছে। বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘সংসদে হওয়া আলোচনা নিয়েও আমরা কোনো মন্তব্য করতে চাই না।’
সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।
সংসদে তিনি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিল উদ্ধৃত করে বলেন, গত বছরের জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ আইনি ভিত্তিহীন। তার ভাষ্য অনুযায়ী, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের শপথ নিলেও তিনি কোনো আইনের বলে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছেন, তা স্পষ্ট নয়।
মন্ত্রী আরও বলেন, এ ধরনের কোনো ফরম দাখিল করার এখতিয়ার সিইসির নেই এবং এ কাজের মাধ্যমে তিনি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন।


