পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন। জনস্বার্থে এই কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে খাল খননসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন। বর্তমান সরকার নতুন করে আবারো খাল খনন কর্মসূচি শুরু করেছে। নতুন উদ্যোমে এই খাল খনন কর্মসূচির ফলে দেশে খালগুলোর অবৈধ দখল বন্ধ হবে। এতে দেশের জনগণ উপকৃত হবেন। তবে কিছু কিছু জায়গায় অবৈধভাবে দখল করা খাল উদ্ধারে আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে। এজন্য আমরা প্রশাসনের সহযোগিতা নেব।’
‘দীর্ঘ বছর এই খাল খনন কর্মসূচি পড়েছিল। কোন সরকার এসব কর্মসূচির উদ্যোগ নেয়নি। যার ফলে অনেক জায়গায় খালের পাড়ে জমি দখল হয়েছে। খালের মধ্যে বর্জ্য কিংবা আবর্জনা স্তুপ হয়ে আছে। এগুলোকে আমরা সম্পূর্ণভাবে অবৈধ দখল বলতে পারি,’ বলে মন্তব্য করেন তিনি।
এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


