ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা ও তার স্ত্রী সবিতা আগারওয়ালার বিরুদ্ধে আলাদা দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগ, এই দম্পতি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত। আর এসব অভিযোগেই তাদের বিরুদ্ধে মামলার অনুমোদ দিয়েছে দুদক।
একই অভিযোগে বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান ও তার স্ত্রী শারমীন খানের বিরুদ্ধেও মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।
দুদকের অভিযোগ, দিলীপ কুমার আগরওয়ালা অবৈধভাবে তার জ্ঞাত আয়ের অতিরিক্ত ১১২ দশমিক ৪৭ কোটি টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তিনি ৩৪টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৭৫৫ দশমিক ৩০ কোটি টাকা মূল্যমানের সন্দেহজনক আর্থিক লেনদেন করেছেন।
ডায়মন্ড ওয়ার্ল্ড এমডি দিলীপ কুমারের বৈধ আয় ৯৯ দশমিক ৮৩ কোটি টাকা ছিল জানিয়ে দুদকের কর্মকর্তারা বলেন, তদন্তে দেখা গেছে তার মোট সম্পদের পরিমাণ ২১২ দশমিক ৩০ কোটি টাকা।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে যে, তার স্ত্রী সাবিতা আগরওয়ালা কোনো বৈধ উৎস ছাড়া ৪৫ দশমিক ৭০ কোটি টাকার সম্পদ জমা করেছেন। তিনি আটটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ২১৩ দশমিক ২৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
তার বৈধ আয় ছিল ৬ দশমিক ১৬ কোটি টাকা, কিন্তু তার সর্বশেষ আয়কর নথিতে মোট সম্পদের পরিমাণ ৫১ দশমিক ৮৭ কোটি টাকা দেখানো হয়েছে।


