ভোটের মাঠে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোটের মাঠে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক
ভোটের জন্য প্রস্তুত কেন্দ্র। ছবি: সৈয়দ মাহমুদুর রহমান/টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ সংক্রান্ত গণভোট পর্যবেক্ষণের জন্য অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক মাঠ পর্যায়ে উপস্থিত থাকবেন। এরইমধ্যে তারা দেশে পৌঁছেছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৪০ জন দ্বিপাক্ষিক দেশের পর্যবেক্ষক (তাদের মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকরাও রয়েছেন) এবং ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বাংলাদেশের ভোট পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন।

এবারের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের দ্বিগুণেরও বেশি। এর আগে, ১২তম, ১১তম ও ১০ম জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে ১৫৮, ১২৫ এবং কেবল চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন। শুধু তাই নয়, ২০২৪ সালের নির্বাচনে অংশ নেওয়া বিদেশি পর্যবেক্ষকদের অনেকেই বিতর্কিত বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার ভোট পর্যবেক্ষণে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক থাকবেন। এ ছাড়া অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে দুইজন, ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইক্যাপ) থেকে দুইজন এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন পর্যবেক্ষক রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বিশ্বের ২১টি দেশ থেকেও পর্যবেক্ষকরা এসেছেন। দেশগুলোর মধ্যে রয়েছে- পাকিস্তান (৮), ভুটান (২), শ্রীলঙ্কা (১১), নেপাল (১), ইন্দোনেশিয়া (৩), ফিলিপাইনস (২), মালয়েশিয়া (৬), জর্ডান (২), তুরস্ক (১৩), ইরান (৩), জর্জিয়া (২), রাশিয়া (২), চীন (৩), জাপান (৪), দক্ষিণ কোরিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২) এবং নাইজেরিয়া (৪)।

আরও পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্বকারী ৫১ জন ব্যক্তি স্বতন্ত্র পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

উল্লেখযোগ্য উচ্চপর্যায়ের অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন- ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আদ্দো দানকওয়া আকুফো-আদ্দো; ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা; বাংলাদেশে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল; যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক গভর্নমেন্ট ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি; মালয়েশিয়ার নির্বাচন কমিশনের কর্মকর্তা রামলান বির হারুন; এবং ইরানের পার্লামেন্ট সদস্য ও পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিশনের প্রেসিডিং বোর্ডের সদস্য বেহনাম সাঈদি।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ব্যাপক সাড়ায় সন্তোষ প্রকাশ করে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, ‘বিভিন্ন দেশ ও সংস্থা থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত। এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়।’

তিনি আরও বলেন, ‘সংখ্যার পাশাপাশি পর্যবেক্ষকদের মানও অত্যন্ত উৎসাহব্যঞ্জক। অনেক পর্যবেক্ষকেরই বিশ্বব্যাপী নির্বাচন পর্যবেক্ষণে বিস্তৃত অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে। এটি আমাদের জন্য আশার কথা।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে দুই হাজারের বেশি প্রার্থী সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই সনদ সংশ্লিষ্ট গণভোটও অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad