খুলনার ডুমুরিয়ায় উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি।
শনিবার রাত ৮টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জনি গাজী ডুমুরিয়া থানার বাসিন্দা।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, গত ০৫ মে পারিবারিক কলহের জেরে জনি গাজী ও তার স্ত্রী বিথি আক্তারের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনি গাজী ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বিথির চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিথি আক্তার মারা যান।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা অপুর গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
এরপর থেকেই অভিযুক্ত জনি গাজী পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল কাঁঠালতলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা জেলার ডুমুরিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।


