স্কুল ফিডিং (মিড-ডে মিল) প্রকল্পে অনিয়ম এবং শিক্ষার্থীদের জন্য নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এএফএম আহসানুল হাবিব (৫১) এবং মো. নুরুজ্জামান (৪৩)।
পুলিশ জানায়, এএফএম আহসানুল হাবিবের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় এবং নুরুজ্জামানের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তারা ‘সমতা ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
অনিয়মের অভিযোগে করা মামলার ভিত্তিতে মাদারীপুর সদর থানা পুলিশ সোমবার তাদের গ্রেপ্তার করে। তদন্তে নষ্ট ও খাবার অনুপযোগী খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়ায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
সম্প্রতি মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার পর সরকার দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকদের সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানান।
মন্ত্রী একইসঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
প্রশাসন জানিয়েছে, তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা ও খাদ্যের মান নিয়েও বিস্তারিত অনুসন্ধান চলছে।


