পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেম শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আতাইকুলা থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম শেখ পাবনার আর-আতাইকুলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সারারাত অভিযান চালানো হয়। একপর্যায়ে ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও বহিষ্কার করা হয়েছে আবুল কাশেমকে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।
গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা করে। এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেপ্তারের দাবিতে রোববার অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন স্থানীয়রা।


