বাংলাদেশে ঈদ-উল-আযহা পালিত হবে বৃহস্পতিবার। তবে দেশের বাইরে থাকায় একদিন আগেই ঈদের আনন্দে মেতেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যরা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থান করছে এখন বাংলাদেশ দল। সেখানেই নিগার সুলতানা জ্যোতিরা উদযাপন করছেন ঈদ-উল-আযহা।
নারী দলের অনেকেই প্রথমবার দেশের বাইরে কোনো ঈদ পালন করছেন পরিবার ছেড়ে। বাঁহাতি স্পিনার সানজিদা মেঘলাও তেমনই একজন। তবে দলের সতীর্থ, সাপোর্ট ও কোচিং স্টাফদের সাথে এডিনবরা সেন্ট্রাল মসজিদে নামাজ আদায় শেষে ঠিকই হাসিখুশি হয়ে ছবি তুলেছেন সবাই।
আগামী ১৪ জুন শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। গ্রুপ-১, জ্যোতিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
এর আগে এডিনবরাতে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই উদ্দেশ্যে গেল রোববার ও সোমবার মিলিয়ে দুই ধাপে দেশ ছেড়েছেন নারী ক্রিকেটাররা।


