‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ কর্মসূচি বাস্তবায়নে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আহ্বায়ক ও হাবিব উন নবী খান সোহেলকে সদস্যসচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর এ কর্মসূচি চলবে।
এই কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
কমিটির অন্য সদস্যরা হলেন–বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি, বগুড়া জেলা বিএনপির শাহে আলম, যুবদলের সভাপতি আব্দুর মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহীন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজা ও সদস্যসচিব কাজী আবুল হোসেন এ ছাড়া ড. সাইমুম পারভেজ, কৃষিবিদ ড. আবদুল মজিদ ও কামরুল ইসলাম।
এদিকে ৬ দিনের এই কর্মসূচি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি উদ্বোধন করবেন দলের সিনিয়র নেতারা।
প্রথম দিনে ৭ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ৮ ডিসেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ৯ ডিসেম্বর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ১০ ডিসেম্বর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ১১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১৩ ডিসেম্বর কর্মসূচির উদ্বোধন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


