সৌদি আরবের রিয়াদ শহরে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে লক্ষ্মীপুরের এক যুবক নিহত হয়েছেন। তিনি কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী মুহাম্মদ দুলালের ছেলে।
বৃহস্পতিবার রাতে সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাহাদি রাজ শুভ প্রায় ছয় মাস আগে দ্বিতীয় দফায় সৌদি আরবে যান এবং সেখানে ফুড ডেলিভারির কাজ করতেন। এদিন ভোরে তিনি মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।
পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনি নিহত হয়েছেন।
বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদি হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।


