রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে সাতজন মাদকসেবী ও মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
আটক ব্যক্তিরা হলেন— মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, মাদকসেবী ও মাদক কারবারিদের গতিবিধি ঠেকাতে পুলিশের একটি বিশেষ টিম সাধারণ পোশাকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেয়। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসরের পরিবেশ তৈরি করে। এতে মাদকসেবী ও কারবারিরা বুঝতে না পেরে সেখানে জড়ো হন। এ সময় তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে মাদক নির্মূলে এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


