সোলারে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া

সোলারে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের মেগা অবকাঠামো পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় পরিবেশবান্ধব গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ তে ২ দশমিক ৪৯ মেগাওয়াট পিক ক্ষমতার একটি অত্যাধুনিক সোলার সিস্টেম সফলভাবে স্থাপন ও চালু করা হয়েছে।

এই সোলার সিস্টেম ব্যবহারের ফলে সেতু এলাকায় বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত পদক্ষেপে বড় অবদান রাখছে। মঙ্গলবার বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানি ও সোলার সিস্টেমের ব্যবহার বাড়াতে দেশবাসীকে প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন।

প্রধানমন্ত্রীর এই গ্রিন এনার্জি রূপান্তরের ভিশনকে বাস্তবে রূপ দিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও দাবি করা হয়।

ছবি: সৌজন্যে

বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতুর মতো একটি জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির এই সফল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বিদ্যুৎ বিলের খরচই কমাচ্ছে না, বরং পরিবেশ রক্ষায় এবং কার্বন নিঃসরণ কমাতেও বড় ভূমিকা রাখছে। সরকারের দূরদর্শী নীতি বাস্তবায়নে সেতু কর্তৃপক্ষ সবসময়ই অগ্রগামী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ তে স্থাপিত এই সোলার সিস্টেমটিতে উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। দিনের আলোতে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করছে।

সার্ভিস এরিয়ার চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের সঙ্গে দিনের বেলা সরবরাহকৃত বিদ্যুতের হিসাব সমন্বয় করা হচ্ছে। এর ফলে সার্ভিস এরিয়ার সামগ্রিক বিদ্যুৎ বিল বিপুল পরিমাণ হ্রাস পেয়েছে এবং বড় অঙ্কের সরকারি অর্থ সাশ্রয় হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এটি একটি অত্যন্ত সাশ্রয়ী মডেল হিসেবে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, সার্ভিস এরিয়া-২ এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে চলতি জুন মাসে কোনো বিদ্যুৎ বিল আসেনি, শুধুমাত্র ডিমান্ড চার্জ বাবদ ৭৫ হাজার ৭১৪ টাকা বিল এসেছে। যেখানে গত মে মাসের বিদ্যুৎ বিল ছিল ৫ লাখ ২১ হাজার ৬৪ টাকা।

মে মাসে সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে ৫৪ হাজার কিলোওয়াট ঘণ্টা বা ইউনিট বিদ্যুৎ এবং শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে ব্যবহার করা হয়েছে ৩৪ হাজার কিলোওয়াট ঘণ্টা বা ইউনিট। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্বৃত্ত রয়েছে ২০ হাজার ইউনিট বিদ্যুৎ।

বর্তমানে সার্ভিস এরিয়া-১, সার্ভিস এরিয়া-২ এবং সার্ভিস এরিয়া-৩ মিলে পদ্মা সেতু এলাকায় মোট ৬ দশমিক শূন্য ৩ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে এবং বাকি সার্ভিস এরিয়া দুটিতেও নেট মিটারিং কার্যক্রম চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad