টেলিভিশনের জনপ্রিয় তারকা তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’-এ। সিনেমাটিতে তানজিন তিশার লুক পোস্টার প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ছবিটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা পোস্টারে হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী ও নির্ভীক নারীর অবয়বে। চারপাশে ভাসমান দাবার গুটি তার চরিত্রে থাকা মানসিক দৃড়তা ও কৌশলী মনোভাবের ইঙ্গিত দিচ্ছে।
ফার্স্টলুক প্রকাশ হতেই মন্তব্যের ঘর সয়লাব হয়ে যায় ভক্তদের প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তিনি একজন সাংবাদিক।’ আরেকজনের ভাষ্য, ‘‘সোলজার’ ছবিতে তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।’
তবে অনেকে পূর্ব ঘোষণা ছাড়াই ফার্স্টলুক প্রকাশ করায় অসন্তোষও জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ ছাড়া ছবি মুক্তি দেয়া ঠিক হবে না।’ একজনের দাবি, ‘এমন হুটহাট করে ফার্স্টলুক দেওয়ার মানে কী? একদম আন–প্রফেশনাল টিম।’
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে অন্য সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।
তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।


