আওয়ামী লীগের বিচার বিএনপি যতটা চায়, অন্য কোনো রাজনৈতিক দল ততটা চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।
তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেছে বিএনপি। এত নির্যাতন, জুলুম, অত্যাচার আর কোনো দলের প্রতি হয়নি। আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না।’
রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘কোনো কোনো দল বলছে, সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে যাবে না। সম্ভবত তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০টি আসনও পাবে না। তাই ভোট বানচাল করার চেষ্টা করছে। ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয়, সেই ষড়যন্ত্র চলছে।’
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনো খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রত্যাখ্যান করেনি। বিএনপি কখনো জোরজবরদস্তির রাজনীতি বা ভোট কারচুপিতে বিশ্বাস করে না। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার তৈরি হবে। আমাদের কার্যক্রম এমন হতে হবে যেন ধানের শীষের জয় কেউ রুখতে না পারে।’
মামলা-হামলার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘গত ১৭ বছরে বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা রয়েছে, যার মধ্যে তিনটি খুনের মামলা। কিন্তু একদিনের জন্যও আমরা দলের আদর্শের বাইরে যাইনি, সরকারের সঙ্গে আপসও করিনি।’
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াযুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


