নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ফয়জুল (৩৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রীন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ এই ঘটনা ঘটে।
নিহত ফয়জুল কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহতের স্ত্রী মাসুদা বেগম জানান, স্বামীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি তাকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন। ঈদের পরদিনও তিনি ফয়জুলকে খাবার দিয়ে আসেন।
বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখেন। নিরাময় কেন্দ্রের লোকজনই ফয়জুলকে নির্যাতন করে মেরে ফেলেছে বলে অভিযোগ করে স্বামীর হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


