অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টারা মাহফুজ আলমদের যথেচ্ছভাবে ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম লিখেছেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায়ও হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছিল।‘
তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্টরা মাহফুজ আলমকে টার্গেট করেছে। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে এসেছি।‘
নাহিদ ইসলাম বলেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে, তাদেরও তা ভুগতে হবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি, দায় ও দরদের রাজনীতির কথা বলছেন, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি।‘
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, ফ্যাসিবাদ বিরোধিতার নামে প্রতিক্রিয়াশীল এবং প্রতিশোধের রাজনীতি শুরু হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত করবে। সময় প্রমাণ করবে, মাহফুজ আলমই সঠিক ছিলেন, যদি ততদিনে তিনি বেঁচে থাকতে পারেন।‘
নাহিদ ইসলাম দাবি করেন, ‘মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কখনোই অন্তর্বর্তী সরকার কোনো শক্ত পদক্ষেপ নেয়নি, বা কোনো শক্ত বার্তা দেয়নি। সরকারের মধ্যে, এমনকি উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।‘
তিনি শেষাংশে যোগ করেন, ‘এ সরকার এবং উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।‘


