গৎবাঁধা রাজনীতি দিয়ে আর চলবে না মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাজনীতিতে এখন লক্ষ্য এবং দূরদৃষ্টি থাকতে হবে।’
তিনি বলেন, ‘জনগণকে নতুন নতুন ধারণার মাধ্যমে অনুপ্রাণিত করতে হবে, বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।’
শনিবার সকালে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভালে’ তিনি এসব কথা বলেন।
রাজনীতিতে ধ্যান-ধারণার পরিবর্তন জরুরি উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘যে পরিবর্তন রাজনীতিতে এসেছে, সেটি গ্রহণ করতে হবে। জনগণ বিএনপিকে একটি আদর্শ দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা এই দেশ গড়ে তুলতে পারব না।’
তিনি বলেন, ‘দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, সেটি উপলব্ধি ও গ্রহণ করতে হবে। তা করতে ব্যর্থ হলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না। আমরা দেশে রাজনীতিকে গণতান্ত্রিক করার কথা বলি, কিন্তু খেলাধুলাকে গণতান্ত্রিক করার কথা বলি না। খেলাধুলাকেও গণতান্ত্রিক করতে হবে, যেন দেশের প্রত্যেক নাগরিক এতে অংশগ্রহণের সুযোগ পায়।’
তিনি আরও বলেন, ‘একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার আমরা করেছি। এখানে শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করা হবে না, অর্থনীতিকেও গণতান্ত্রিক করা হবে। এমন একটি অর্থনীতি গড়ে তোলা হবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে, দেশের প্রতিটি মানুষ উন্নয়ন ও অর্থনৈতিক সুফল ভোগ করতে পারবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।


