যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বাহারুল আলম।
রোববার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চ্যুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলেও জানান তিনি।
কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন আইজিপি।
মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, যেকোনো মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিরা উপস্থিত ছিলেন।


