উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিয়ানফোর্ড

উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিয়ানফোর্ড
Advertisement
Advertisement

চীনভিত্তিক (হংকং) তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৯ দশমিক ৫৯ মিলিয়ন বিনিয়োগ করবে। এর ফলে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ লক্ষ্যে শনিবার ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজা নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড মনোনীত পরিচালক জি ঝেনিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজা নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিতব্য কারখানাটি বছরে প্রায় ৭০ লাখ পিস ওভেন ও নিট গার্মেন্টস উৎপাদন করবে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার ও হুডিসহ বিভিন্ন ধরনের জার্সি। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

আরও পড়ুন

বেপজা নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের গুরুত্ব দিতে বিশেষভাবে অঙ্গীকারাবদ্ধ। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি দেশীয় শিল্পখাত শক্তিশালী করতে মানসম্মত কাঁচামাল স্থানীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান।

তিয়ানফোর্ড বাংলাদেশের পরিচালক জি ঝেনিউ বেপজার বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। তিনি জানান, আগামী এপ্রিল থেকে কারখানার নির্মাণকাজ শুরু হবে এবং পরের বছর থেকে পণ্য রপ্তানি শুরু করার আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর