সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে সোনাগাজী পৌরসভার চরগনেশ ৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডসংলগ্ন পশ্চিম পাশে নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের সামছু মাঝির নতুন বাড়ির নুরুল হকের ছেলে মো. সজিব (২০) এবং একই গ্রামের মো. লিটনের ছেলে মো. আরাপাত (২১)।
আহত হয়েছেন মধ্যম চরচান্দিয়া গ্রামের আফজল রহমানের ছেলে মো. কবির (৩৫)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সজিবের ভাই মো. পারভেজ জানান, কন্ট্রাক্টর কবিরের নির্দেশে তিনি ও তার ভাই একসঙ্গে কাজ করতে যান। সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ খোলার জন্য ভেতরে নামলে সজিব ও আরাপাত হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে কন্ট্রাক্টর কবির ভেতরে প্রবেশ করলে তিনিও অচেতন হয়ে যান। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সজিব ও আরাপাতকে মৃত ঘোষণা করেন।


