সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী নামে এক মৌয়াল আহত হয়েছেন। সোমবার সকালে তাকে তার সঙ্গীরা উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন চিকিৎসার জন্য।
এর আগে, রোববার দুপুরে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে।
আহত বাবলু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
তার সাথে থাকা মৌয়ালরা জানান, রোববার দুপুরে নৌকার মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে বাবলু গাজীর ওপর আক্রমণ করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য মৌয়ালরা লাঠিসোটা নিয়ে বাঘের গায়ে আঘাত করতে থাকেন এবং চিৎকার শুরু করেন। একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে বনের ভিতরে চলে যায়। এরপর তারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনের ভিতরে প্রাথমিক চিকিৎসা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে তারা তাকে নিয়ে লোকালয়ের উদ্দেশে রওয়ানা হন।
সোমবার সকালে তাকে তারা লোকালয়ে নিয়ে আসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বাবলু গাজীর বাবা মালেক গাজী জানান, আমরা একসাথে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত রয়েছে।
তিনি আরো জানান, তার শরীরের কয়েকটা স্থানে গভীর ক্ষত হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফিরে আসা মৌয়ালরা এ সময় আক্ষেপ করে বলেন, সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তাদের কাজ করতে হয়। বাঘের আতঙ্ক নিয়েই জীবিকা নির্বাহ করেন তারা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বাঘের আক্রমণে মৌয়াল আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত মৌয়াল বাবলু গাজী এখন শঙ্কা মুক্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


