সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘বিশ্বশান্তি ও মানবতার সেবায় নিয়োজিত অবস্থায় বাংলাদেশি শান্তিরক্ষী সেনাসদস্যদের আত্মত্যাগ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’
সোমবার এক শোক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তায় সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন।
সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবসময় সাহস, পেশাদারিত্ব ও আত্মনিবেদনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এর সঙ্গে বিশ্বের দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা।
এ সময় সুদানের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সুদানে কর্তব্যরত অবস্থায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর শহীদ হওয়া আমাদের জন্য গভীর বেদনার।’
বার্তায় সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা।
এর আগে ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন। এসময় গুরুতর আহত হন আরও আটজন।
নৌপরিবহন উপদেষ্টা শহীদ শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ ঘটনায় আহত আট বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।


