ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাদ্দাম।
শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনিত করেছেন।
শুক্রবার বিকালে ঢাকার আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফলাফল ঘোষণা করা হয়।
শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন।
নাম ঘোষণার পর সভাপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে ভোট অনুষ্ঠিত হয়।
নুরুল ইসলাম সাদ্দাম এর আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং খুলনা মহানগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং নর্দান বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।
সিবগাতুল্লাহ সিবগা আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে বর্তমানে ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।


