বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান মেডিকেল ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। সে পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়।
এরই মধ্যে চীনা চিকিৎসক দলটি ঢাকায় পৌঁছেছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দলের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’
দলের একটি সূত্র জানিয়েছে, রিচার্ড বিলিই সিদ্ধান্ত নেবেন যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে কিনা। যদি লন্ডন নেওয়া না যায়, তাহলে কাছের বিকল্প হিসেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ারও চেষ্টা করা হবে।


