নড়াইলের পৌর বিএনপির এক নেতাসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে এই মামলা করেন কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।
বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, মামলার তদন্ত চলছে।
মামলায় আসামি করা হয়েছে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিকাইল ওরফে ধলু শেখ, ইনামুল শেখ ওরফে কালু, মিরাজ শেখ ও সাদ্দাম শেখ নামে সাত জনকে।
এজাহারে বলা হয়েছে, রহিমা খানমের স্বামী আকিজ শেখ কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। স্বামী বিদেশে যাওয়ার পর রহিমার দেবর লিকু শেখ দোকানটি পরিচালনা শুরু করেন।
গত বছর ১০ আগস্ট আসামিরা দোকানে গিয়ে লিকু শেখের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর এক বছর পর গত ২ আগস্ট আসামিরা আবার দোকানে যান এবং লিকু শেখকে মারপিট করে দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা অব্যবহৃত তিনটি ট্রলিসহ ১২ লাখ ২৪ হাজার টাকার মালামাল নিয়ে যান।
এ ঘটনায় কালিয়া থানায় মামলা করেন রহিমা খানম।
তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ। তিনি বলেন, ‘এ মামলাটি মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
মামলা সম্পর্কে জানতে চাইলে নড়াইল জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি শুনেছি যে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা পেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’


