বিজয়ের আর সুযোগ দেখছেন না লিপু

বিজয়ের আর সুযোগ দেখছেন না লিপু
সর্বশেষ শ্রীলংকা সফরে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন বিজয়। ছবি: শ্রীলংকা ক্রিকেট
Advertisement
Advertisement

প্রায় ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এনামুল হক বিজয়ের। তবুও তিন ফরম্যাট মিলিয়ে একশো ম্যাচ খেলা হয়নি তার। বলা চলে ঘরোয়া ক্রিকেটে যতটা ধারাবাহিক, জাতীয় দলের জার্সিতে ঠিক ততটাই অধারাবাহিক। তবুও গেল কয়েক বছরে যে কয়বার নির্বাচকরা তাকে দলে ডেকেছেন, সেই ভরসার প্রতিদানটাও তিনি দিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে তার সাম্প্রতিক পারফরম্যান্সও ব্যর্থতায় মোড়ানো। 

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট দলে তাকে ডেকেছিলেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ৩ বছর পর দলে ফিরে চট্টগ্রাম টেস্টে করেন ৩৯। প্রক্রিয়া অনুযায়ী শ্রীলংকায় সফরেও দুই টেস্টের সিরিজটা খেলেছেন বিজয়। সেখানে করেছেন চূড়ান্ত হতাশ। গল টেস্টে ০ ও ৪, কলম্বো টেস্টে ০ ও ১৯ রানের ইনিংস। অবশ্য রানের চেয়ে বেশি প্রশ্নবিদ্ধ ছিল তার আউট হওয়ার ধরন। 

সব মিলিয়ে ৩২ বছর বয়সী বিজয়ের জাতীয় দলে ফেরার আর সুযোগ দেখছেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টপ এন্ড টি-টোয়েন্টি শেষে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৬ সালে জাতীয় দলের অস্ট্রেলইয়া সফরকে সামনে রেখে নির্বাচকরা চাচ্ছেন, আসন্ন এই ম্যাচে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে সেই দলে সুযোগ দেয়া। মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেনদের মতো কয়েকজনের নাম সম্ভাব্য তালিকায় থাকলেও বিজয়কে সেখানে দেখছেন না লিপু।

রবিবার একটি স্থানীয় অনলাইন পোর্টালকে প্রধান নির্বাচক জানান, নতুনদের সুযোগ করে দিতেই বিজয়কে পাশ কাটিয়ে যেতে হচ্ছে তাদের। লিপু বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে একজন বোলার কম নিয়ে বিজয়কে সুযোগ দিয়েছিলাম। কিন্তু দুই ইনিংসে তেমন কিছু করতে পারেনি। শ্রীলঙ্কার টেস্টেও রাখলাম, ওপেনিংয়ে প্রয়োজনীয় রান পেলাম না তার কাছ থেকে। অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচে বিজয়ের সুযোগ দেখছি না। বিজয় যথেষ্ট সুযোগ পেয়েছে। এবার নতুনদের সুযোগ দিতে হবে।’

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ৮ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বিজয়। তবে ঘরোয়া ক্রিকেটে এই ডানহাতি ব্যাটারের পারফরম্যান্সের গ্রাফ সবসময়ই ওপরের দিকে ছিল। গত মৌসুমে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে ছুঁয়েছেন ৫০ সেঞ্চুরির মাইলফলক। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad