বান্দরবানে আলীকদমের পোয়ামুহুরী সীমান্তের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। একই বিস্ফোরণে নিহত হয়েছেন মিয়ানমারের এক নাগরিক।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এতথ্য জানিয়েছে।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের শূণ্যরেখায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহত ব্যক্তির নাম মেনথাং (৪০)। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের নতুনপাড়ার তাংলাইয়ের ছেলে।
আহত বাংলাদেশির নাম মেনসার ম্রো (৩০)। তিনি বান্দরবানের আলিকদম উপজেলার গর্জনপাড়ার শাংওয়ানের ছেলে।
কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সকালে রামু ব্যাটালিয়নের অধীনে থাকা ৫৫ নম্বর সীমান্ত পিলার থেকে পশ্চিম দিকে মিয়ানমারে ভেতরে হটাওমগপাড়া নামক স্থানে মাইন বিস্ফোরণ ঘটে। সে সময় জুমক্ষেত দেখতে যাচ্ছিলেন মেনথাং ও ম্যাংসার। বিস্ফোরণে মেনথাং নিহত হন, মেনসার ম্রো আহত হন।
আহত মেনসারকে তার নিজ এলাকায় নেওয়া হয়েছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে মিয়ানমারের নাগরিক মেনথাংয়ের মৃতদেহ ঘটনাস্থলে পড়ে রয়েছে।’


