‘সিরিয়াল রেপিস্ট’ (ধারাবাহিক যৌন সহিংসতা অপরাধী) রাশেদুল ইসলাম রাব্বিকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পাঁচ ভুক্তভোগীর পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রাব্বি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফেক আইডি ওপেন করে এবং মেয়ে কণ্ঠে কথা বলে একজন ভুক্তভোগীর কাছ থেকে কৌশলে তার মোবাইল নিজের নিয়ন্ত্রণ নেয়। এরপর ঐ ফোনে লগইন করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সিম ব্যবহার করে নারী কণ্ঠে কথা বলে ভুক্তভোগীর বন্ধু তালিকায় থাকা স্কুল ও কলেজের ছাত্রীদের টার্গেট করে। পরে কৌশলে ভুক্তভোগীদের যাত্রাবাড়ীর গোয়ালবাড়ী মোড়ে একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলায় নিয়ে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিত। এমনকি অশ্লীল ভিডিও ধারণ করে সে ভুক্তভোগীদের বারবার সম্পর্ক স্থাপন ও টাকা দিতে বাধ্য করত।
যাত্রাবাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গত ১৩ এপ্রিল দনিয়া কলেজের সামনে অভিযান পরিচালনা করে রাশেদুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বর্তমানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।


