সিরাজগঞ্জে ইটের তৈরি বেসিনে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুই শিশু।
রোববার বিকাল সাড়ে তিনটায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। কভিড-১৯ মহামারীর সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাত ধোয়ার জন্য এই বেসিনটি তৈরি করেছিল।
নিহতরা হলো, সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান ও একই গ্রামের সজিব সেখের মেয়ে সুমি।
আহতরা হলো, চর শৈলাবাড়ি গ্রামের মেনহাজের ছেলে আবির ও একই গ্রামের সামিদুলের মেয়ে সানজিদা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে সদর উপজেলার শালুয়াভিটা হাটে বেসিনে উঠে খেলছিল চার শিশু। হঠাৎই বেসিনটি ধসে তার নিচে চাপা পড়ে রায়হান, সুমি, আবির ও সানজিদা।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


