সরকারি খাস পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আব্দুস সালাম ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এর আগে এদিন সকালে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে মৃত মমছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
পুলিশ জানায়, রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামে সরকারি পাঁচ বিঘা খাস পুকুর নিয়ে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী ও ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষা শুরু করেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা আবু বকর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ মারার জন্য পুকুরে জাল ফেলেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী তার লোকজন নিয়ে মাছ মারতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষ চলাকলে উভয়পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর আক্রমণ করে। ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ সময় ৯৯৯ এর কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


