ইরানের নিয়ন্ত্রণে থাকা অবরুদ্ধ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে এবার বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাল ফ্রান্স। বুধবার ফ্রান্সের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লোহিত সাগর ও এডেন উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে ফরাসি বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’-এর নেতৃত্বাধীন নৌবহর।
রয়টার্সের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এরইমধ্যে বিমানবাহী নৌবহরটি সুয়েজ খাল অতিক্রম করেছে এবং বর্তমানে লোহিত সাগরের দক্ষিণ অংশের দিকে অগ্রসর হচ্ছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পরপরই এই নৌবহর পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়। এটি সমুদ্রে টানা চার থেকে পাঁচ মাস অবস্থান করতে সক্ষম।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত হওয়ার পর ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে কাজ করবে। তারা এই আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবে বলে জানা গেছে।
ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল গিয়োম ভারনে জানান, ফ্রান্স, ব্রিটেনের নেতৃত্বে ৫০টিরও বেশি দেশের সমন্বয়ে গঠিত এই জোট তখনই কার্যক্রম শুরু করবে, যখন দুটি শর্ত পূরণ হবে। প্রথমত, জাহাজ চলাচলের ঝুঁকি কমতে হবে; দ্বিতীয়ত, সামুদ্রিক বাণিজ্য খাতকে আবার হরমুজ প্রণালি ব্যবহার করার মতো আত্মবিশ্বাস ফিরে পেতে হবে।
পারস্য উপসাগরের অত্যন্ত সরু পথ হরমুজ প্রণালি দিয়েই বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়েছে গেছে।


