ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে মঙ্গলবার রাতে ইয়াবার চালানটি জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, কয়েকদিন আগে একটি কার্টনে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবলেটগুলো স্কচটেপ দিয়ে মুড়িয়ে চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁও পাঠায় একজন ব্যক্তি। তবে কুরিয়ারে দেওয়া নির্ধারিত ফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে প্রশাসনিক সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্যাকেটে ইয়াবা রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে জানানো হয়। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার হলেও কে কার কাছে সেগুলো পাঠিয়েছিল জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


