সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি বছরে ১৬ বিলিয়ন ডলার করে পাচারের যে তথ্য দিয়েছে সেটি অস্বাভাবিক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।
কোনো কিছুই নাটকীয়ভাবে উপস্থাপন করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে ২০০৪ সাল থেকে বছরে গড়ে ৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে।’
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘মান্থলি ম্যাক্রোইকনমিক ইনসাইটস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরাসউদ্দিন এসব কথা বলেন।
মঙ্গলবার ঢাকার পিআরআই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ফরাসউদ্দিন বলেন, ‘গণহারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব ভালো কাজ নয়। এতে ব্যাংকের ওপর আস্থা কমে। বুঝে শুনে খুব অল্পের মধ্যে সীমিত রাখতে হবে।’
যে ১০-১৫টা ‘কুলাঙ্গার’ গ্রুপ দেশের অর্থনীতি ধ্বংস করেছে শুধু তাদের অ্যাকাউন্ট জব্দ করা উচিত। আর তাদের সম্পদ জব্দ করে সরকারের মালিকানায় নিতে হবে, যোগ করেন তিনি।


