চট্টগ্রামের রাউজানের চিহ্নিত সন্ত্রাসী শাহ আলমকে (৪০) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি এলজি, একটি বিদেশি পিস্তল,পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুইটি কার্তুজ, একটি কার্তুজের খোসা ও একটি থ্রিনটথ্রি গুলির খোসা জব্দ করা হয়।
গ্রেপ্তার শাহ আলম একই এলাকার মৃত অলি আহম্মেদের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বাসসকে জানান, গ্রেপ্তার শাহ আলম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ ৯টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


