মৌসুমকে কেন্দ্র করে সৈয়দ আর ইমন নির্মাণ করেছেন ‘অর্ধাঙ্গিনী’। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ—দুই দেশেই সিনেমাটি একসঙ্গে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত কোনো দেশেই হলমালিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়েই সিনেমাটি ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।
সৈয়দ আর ইমন জানান, ২০২৪ সালেই ‘অর্ধাঙ্গিনী’ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এরপর নানা জটিলতায় মুক্তির তারিখ বারবার পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্রেও প্রেক্ষাগৃহ না পাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। সামনে রোজা শুরু হওয়ায় স্পনসররাও আর অপেক্ষা করতে রাজি নন। সব দিক বিবেচনা করেই সিনেমাটি হলে নয়, সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্মাতা আরও বলেন, বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোথাও থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়নি। তাই ঈদের আগেই বিডিফিল্মস ইউএসএ নামের ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত ‘অর্ধাঙ্গিনী’র গল্প আবর্তিত হয়েছে মৌসুমীকে কেন্দ্র করে। সৈয়দ আর ইমনের ভাষ্য, সময়ের সঙ্গে মানুষের জীবনের সংজ্ঞা যেমন বদলাচ্ছে, তেমনি বদলাচ্ছে জীবনসংগ্রামের ধরনও। এখন বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় না—এই বাস্তবতা থেকেই সিনেমার গল্পের ভাবনা এসেছে।
সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। তীব্র শীতের মধ্যেই শুটিং করতে হয়েছে পুরো ইউনিটকে। নির্মাতা জানান, মৌসুমী যুক্তরাষ্ট্রের শীতে অভ্যস্ত নন। তবু মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শাড়ি পরে পাহাড়ের ওপর টানা আট ঘণ্টা প্রচণ্ড বাতাসের মধ্যে শুটিং করেছেন—যা এখনো তাকে বিস্মিত করে।
সৈয়দ ইমরান জানান, শুরুতে ‘অর্ধাঙ্গিনী’ টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শোও করা হয়, তখন এর দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলে নতুন করে সংযোজন-বিয়োজন করে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়ায় ১ ঘণ্টা ৫৬ মিনিট।
মৌসুমীর পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ আরও অনেকে। ‘অর্ধাঙ্গিনী’ প্রযোজনা করেছেন তরিকুল ইসলাম মিঠু। সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ।


