সিনেমা হলের পর ওটিটিতে ‘আলী’

সিনেমা হলের পর ওটিটিতে ‘আলী’
Advertisement
Advertisement

ঈদ উৎসবকে ঘিরে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে থাকে নানা বিশেষ আয়োজন। সেই ধারাবাহিকতায় দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ডিজিটাল প্রিমিয়ার হয়েছে ভিন্নধর্মী গল্পের সিনেমা ‘আলী’। বিপ্লব হায়দারের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি এখন দর্শকরা বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই স্মার্টফোন বা ল্যাপটপে উপভোগ করতে পারছেন।

সিনেমাটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, প্রতিজ্ঞা, মিশা সওদাগর, কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ এবং শওকত সজলের মতো শক্তিশালী অভিনেতারা। তাদের অভিনয়ে উঠে এসেছে এক আবেগঘন মানবিক গল্প।

‘আলী’ সিনেমার মূল উপজীব্য একজন অটিজমে আক্রান্ত ও বাকপ্রতিবন্ধী যুবক এবং তার বোন রশ্মিকে ঘিরে। কেন্দ্রীয় চরিত্র আলীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, যেখানে পুরো সিনেমা জুড়েই তিনি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অভিনয় করেছেন, যা দর্শকদের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে। রশ্মি চরিত্রে দেখা গেছে অভিনেত্রী প্রতিজ্ঞাকে।

গল্পে দেখা যায়, রশ্মির স্বপ্ন ছিল ঢাকায় পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো। তবে প্রতিকূল শহুরে পরিবেশে বোনকে একা ছাড়তে নারাজ ছিল ভাই আলী। হঠাৎ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় দুই ভাই-বোন। এরপর শুরু হয় আলীর কঠিন সংগ্রাম, নির্যাতন, অবহেলা ও একাকীত্বের মধ্যেও সে হাল ছাড়ে না। অন্যদিকে ভাইয়ের খোঁজে মরিয়া হয়ে ওঠে রশ্মি। তাদের এই বিচ্ছেদ, সংগ্রাম এবং পুনর্মিলনের আকুতি নিয়েই এগিয়েছে সিনেমার কাহিনি।

গত বছরের ১৮ জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘আলী’ বড় পর্দায় যারা দেখার সুযোগ পাননি, তাদের জন্য বঙ্গতে ডিজিটাল প্রিমিয়ার নতুন করে সেই সুযোগ এনে দিয়েছে। ইতোমধ্যে ওটিটি দর্শকদের কাছ থেকেও সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চলচ্চিত্রভিত্তিক গ্রুপে ‘আলী’র গল্প ও আবেগঘন উপস্থাপনা নিয়ে ইতিবাচক আলোচনা চোখে পড়ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad