স্মৃতিসৌধ থেকে গ্রেপ্তার মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে 

স্মৃতিসৌধ থেকে গ্রেপ্তার মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে 
মডেল মিষ্টি সুভাষকে শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার সময় আটক মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষসহ দুইজনকে রিমান্ডে পাঠানো হয়েছে। ঢাকার আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার মিষ্টি সুভাষের দুই দিন ও রফিকুল ইসলাম ওরফে দূর্জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই বিশ্বজিৎ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, ঘটনাস্থলে উপস্থিত থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে অবৈধ কার্যক্রম পরিচালনা করেছে বলে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং হামলার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ করা জরুরি। পাশাপাশি, এ ঘটনার ইন্ধনদাতাদের শনাক্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে আসামিদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

পরে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত মিষ্টি সুভাষের দুই দিন ও দূর্জয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ মার্চ দুপুর ১ টা ১০ মিনিটে আশুলিয়া থানার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২ বা ২৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবির প্লেকার্ড ব্যবহার করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অবৈধ নির্বাচনের অবৈধ সরকার মানি না, মানবো না, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দেয়। দেড় টার দিকে দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad