যশোরের ফতেপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে বাসটির যাত্রীরা অক্ষত রয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রায় ১০ কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। বিকট শব্দের পর বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে মুহূর্তের মধ্যে তা বাসজুড়ে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা ও দরজা দিয়ে বের হয়ে আসেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, বাসটি ছাড়ার আগে চালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানিয়েছিলেন। এরপরও মালিকপক্ষের সিদ্ধান্তে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো বেআইনি পদক্ষেপের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


