দৌলতদিয়ায় বাস ডুবে ২৬ মৃত্যু: সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত

দৌলতদিয়ায় বাস ডুবে ২৬ মৃত্যু: সৌহার্দ্য পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত
যাত্রীসহ ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহন | ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীসহ বাস পদ্মা নদীতে পড়ে ২৬ জনের মৃত্যুর ঘটনায় ডুবে যাওয়া ‘সৌহার্দ্য পরিবহন’ বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

শুক্রবার বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মুহাম্মদ অহিদুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিআরটিএর তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩ কর্মদিবসের মধ্যে গাড়ির সব বৈধ কাগজপত্র এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ বিআরটিএ কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নির্ধারিত সময়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মুহাম্মদ অহিদুর রহমান বলেন, ‘বিআরটিএর মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, বাস দুর্ঘটনার ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয় থেকেও ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad