আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে নয় দফা প্রস্তাবনা পেশ করেছে গণঅধিকার পরিষদ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বৈঠকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, নুরে এরশাদ সিদ্দিকী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল রায়হান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন ইউসুফ।

গণঅধিকার পরিষদের প্রস্তাবনাগুলো হলো–প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করা; রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তিসংশ্লিষ্ট কাউকে রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী দায়িত্বে না রাখা; প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কেন্দ্রের বাইরে জায়ান্ট স্ক্রিনে ভোট কার্যক্রম ও গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা।
এ ছাড়া ব্যালট বাক্স পরিবহনের সময় প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখা; ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল বা জাল ভোটের অভিযোগে ভোট গ্রহণ বন্ধ রাখা; নির্বাচনী সহিংসতা বা ভয়ভীতিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া।
এ ছাড়াও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পুনরায় দায়িত্ব না দেওয়া; অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার বিধান সংযোজন; তফসিল ঘোষণার পর প্রশাসন পুনর্গঠন।


