সরকারের এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেসব সয়ে নিয়ে আমাদের এগোতে হবে।’
সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘যুদ্ধ লেগেছে সে কারণে তেলের সরবরাহ কম। কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচিন নয়।
মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোন কাজ করতে দেব না।’
মন্ত্রী বলেন, ‘একটি দলের নেতারা এবার বেহেশতে নিতে পারল না। আমরা কাজ করে বেহেশতে যাব। ধর্মকে ব্যবহার করা যায় না। দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক। ধর্ম নিয়ে ব্যবসা তারা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি। কাজ করে যাব।’
মহাসচিব বলেন, ‘তারা মা বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। এসবে ভুলবেন না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সৎ থাকতে হবে, হালাল রুজি খেতে হবে। না হলে বেহেশতে যাওয়া যাবে না।’
কৃষকদের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, ‘গম ঝড়বৃষ্টিতে পড়ে গেছে। বৃষ্টিতে শুয়ে পড়েছে। আমাদের কৃষকের ভাগ্য এমনই। এসব সমস্যা আমরা বুঝি। নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কৃষি ঋণ মওকুফের। আমরা করে দিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সাহায্য হবে এমন কাজগুলো করছেন।’
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ কর্মকর্তা, বিএনপির নেতসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।


