সামনের দিনগুলো তারেক রহমানের জন্য চ্যালেঞ্জিং: মতিউর রহমান চৌধুরী

সামনের দিনগুলো তারেক রহমানের জন্য চ্যালেঞ্জিং: মতিউর রহমান চৌধুরী
মতিউর রহমান চৌধুরী।
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য সামনের দিনগুলো কঠিন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মতিউর রহমান চৌধুরী বলেন, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমান ফিরে এসেছেন। তারেক রহমানের কাছে আমাদের অনেক প্রত্যাশা, তাই সামনে কঠিন চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। বিএনপি যদি একা মোকাবিলা করার চেষ্টা করে, তাহলে অতীতের মতোই ভুল হবে। সেই ভুল থেকে আমরা আবার এমন একটা অবস্থায় চলে যাব, যেখান থেকে আমাদের আবার ফিরে আসা কঠিন হবে।’

উগ্রবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ অস্তিত্ব সংকটে যেভাবে পড়ে যাচ্ছে, সেই সংকট থেকে যে উগ্রবাদ আমাদের গ্রাস করার চেষ্টা করছে। এসব উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন

মতিউর রহমান চৌধুরী তার বক্তব্যের শুরুতে বলেন, ‘আমি এক তারেক রহমানকে চিনতাম। ২৩ বছর আগে আমি ইলেকট্রনিক সাংবাদিকতার প্রথম সাক্ষাৎকার নিয়েছিলাম তারেক রহমানের। সেদিন চ্যানেল আইতে সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছিল। আমি এখন দেখি ২৩ বছর বাদে তারেক রহমান বদলে গেছেন। তার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। অনেকে এটা বিশ্বাস করেন না।’

তারেক রহমান বদলে গেছেন। কারণ, পাশ্চাত্য দুনিয়ায় কীভাবে মিডিয়া চলে তিনি দেখে এসেছেন। এজন্য তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, যোগ করেন তিনি।

জ্যেষ্ঠ এই সাংবাদিক তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা লিখতে চাই। আমরা বলতে চাই। মিডিয়া ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকটা স্বাধীন। অনেকটা নিয়ন্ত্রিত।’

কেন নিয়ন্ত্রিত তার ব্যাখ্যা দিতে তিনি বলেন, ‘মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না। আমাদের হাত-পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া, সংবাদপত্র অফিসে যখন আগুন দেয়া হয় তখন কিন্তু ভাবতে কষ্ট লাগে আমরা জাহান্নামে আছি, না বেহেশতে আছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের কষ্ট হয়, আমরা গণতন্ত্রের কথা বলি। কিন্তু আমরা এখানে দলবাজি করি। দলের মধ্যে দিয়ে চিন্তা করি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad