সাভারে মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর অপর শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে হেমায়েতপুর এলাকার যাদুরচরে অবস্থিত একটি মাদ্রাসার আবাসিক কক্ষে দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে গোলাম রহিম (১৩) গুরুতর আহত হয়।
আহত অবস্থায় মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থী ইব্রাহিমকে (১৩) গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে ময়নাতদন্ত শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


