নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ফেরিতে ওঠার সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা চালক জানালা দিয়ে বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান।
বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সঞ্জয় খান।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় দড়ি বেঁধে টেনে প্রাইভেট কারটি নদী থেকে ডাঙায় তোলা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বৃহস্পতিবার বিকালে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, নদীতে ভাসতে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে এক ব্যক্তি জানালা দিয়ে বের হয়ে আসেন। এ সময় পাশে থাকা একটি নৌকার লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে নৌকায় তুলে নেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্জয় খান জানান, বন্দর থেকে প্রাইভেট কারটি হাজীগঞ্জ যাচ্ছিল। ফেরিতে ওঠার পর গাড়ির মালিক রুদ্র গাড়ি থেকে নেমে যান। এ সময় চালক জাকির হোসেন গাড়ি থেকে নেমে আবার ওঠেন। এর কিছুক্ষণ পরই প্রাইভেট কারটি ফেরি থেকে নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে গাড়ি নিউট্রাল থেকে গিয়ার চেঞ্জ হয়ে মুহূর্তের মধ্যে নদীতে পড়ে যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নৌপথে যানবাহন পারাপারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষ করে ফেরিঘাটে পর্যাপ্ত নিরাপত্তা, গাইডলাইন এবং তদারকির অভাব রয়েছে বলে মন্তব্য করেন নেটিজেনরা।


