জনসেবায় জবাবদিহি, স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করা সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক হতে হবে। প্রশাসনকে এমনভাবে কাজ করতে হবে যেন তা মানুষের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকে।
বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, জনসেবা কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই থানা, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিসি জাহিদ স্পষ্ট জানিয়ে দেন, সরকারি অর্থ অপচয়ের কোনো সুযোগ নেই এবং সীমিত সম্পদের মধ্যেই সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করতে হবে। কর্মকর্তাদের কোনো অজুহাত না দেখিয়ে সমস্যা সমাধানের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ করে ভূমি সংক্রান্ত সেবায় হয়রানিমুক্ত পরিবেশ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘সরকারি অফিসগুলোকে জনগণের আস্থার স্থানে পরিণত করতে হবে। সেবাগ্রহীতারা যাতে কোনো দালালের খপ্পরে না পড়ে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।’
মিরসরাই থানা পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জিআর ও সিআর সংক্রান্ত পেন্ডিং মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেন। এ ছাড়া এলজিইডি’র অধীনে ৪ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সড়ক সম্প্রসারণ কাজ পরিদর্শন করে তিনি কাজের মান নিয়ে সতর্ক করেন।
তিনি সাফ জানিয়ে দেন, উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের উপকরণ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।
বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনি শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তিনি বলেন, সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় জনগোষ্ঠী সরকারি সেবার ওপর নির্ভরশীল। কেউ যেন সেবা নিতে এসে খালি হাতে ফিরে না যায়, সেটি নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে একটি নিরাপদ ও জনবান্ধব বাংলাদেশ গড়তে তিনি সবার সহযোগিতা কামনা করেন।


