সাভারে আবু সাঈদ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এর সঙ্গে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার দাবি করেন তারা।
রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ সময় নিহতের পরিবার আত্মীয়-স্বজনসহ এলাকার বিভিন্ন পেশার শত শত লোক এ কর্মসূচিতে অংশগ্রহণ করায় শত শত যানবাহন আটকে পড়ে।
বিক্ষোভকারীরা বনগাঁ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদের হত্যাকারী আওয়ামী লীগ সমর্থক শীর্ষ সন্ত্রাসী জাকির হোসেনসহ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত বিক্ষুব্ধরা জানান, পূর্ব শত্রুতার জেরে ২২ অক্টোবর রাত ৯টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকার কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগের সমর্থক জাকির বাহিনী ও তার লোকজন।
এই ঘটনায় ২৩ অক্টোবর সাভার মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হলেও এখনো পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তারা।
এ সময় ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে আবারও কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দেন মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন নিহত আবু সাঈদের স্ত্রী জোহরা খাতুন, সন্ত্রাসী হামলায় আহত সলিম উল্লাহ, আমান উল্লাহ, মোস্তফা মিয়া, লাল চান, সাইফুল হোসেন,সিরাজুল ইসলাম ও নিহতের দুই ছেলে জাহিদ হোসেন এবং আলী হোসেন প্রমুখ।
মানববন্ধনে নিহতের পরিবার আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন।


