সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ (২০) ও তার খালাতো ভাই দেলুয়া গ্রামের আবদুল লতিফের ছেলে আলফে সানি (১৮)।
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ‘সকালে বেলকুচি থেকে আলফে সানি ও তার খালাতো ভাই ফয়সাল আহম্মেদ উল্লাপাড়া ঘাটিনা রেলওয়ে ব্রিজ এলাকায় বেড়াতে আসে। একপর্যায়ে তারা ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া ঘাটিনা ব্রিজের ওপর ওঠে ঘোরাঘুরি করে। দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেন ঘাটিনা ব্রিজ এলাকায় আলফে সানি ও ফয়সাল আহম্মেদকে ধাক্কা দেয়। আলফে সানির ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত ফয়সাল আহম্মেদকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


