কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের অভিনয় ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। আগামী বছরই ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করবেন তিনি। মঞ্চ, রেডিও, টেলিভিশন, বড় পর্দা সব মাধ্যমেই অভিনয়ের আলো ছড়িয়েছেন ডলি জহুর। আজীবন সম্মাননা ছাড়াও পেয়েছেন অভিনেত্রী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২৪ সালে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকেও ভূষিত হয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে ডলি জহুর বলেন, আমার যতটুকু পাবার ছিল, তার থেকেও বেশি পেয়েছি। আমার থেকেও অনেক যোগ্য আছে। আমি হয়তো সৌভাগ্যবান। সবার ভালোবাসা পেয়েছি। সম্প্রতি ডলি জহুর এসেছেন পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (২০ জুন) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে ডলি জহুর বলেছেন, অমর নায়ক সালমান শাহকে নিয়ে এমন কিছু কথা, যা তিনি আগে কখনো বলেননি। প্রয়াত নায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী, চিত্রনায়িকা শাবনূর, সালমান শাহের স্ত্রী সামিরাকে নিয়ে না বলা অনেক কথা প্রথমবার শেয়ার করেছেন ডলি জহুর।
কিংবদন্তি এই অভিনেত্রী ১৬১টি সিনেমায় অভিনয় করেছেন। ছবি পিছু এক লক্ষ টাকাও নিয়েছেন সে সময়। যদিও চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে এখনো তিনি ৩৪ লক্ষ টাকা পান। স্বামীর অসুস্থতার সময় সেই টাকাগুলোর খুব প্রয়োজন ছিল; তখন কেউই তাকে প্রাপ্য টাকাগুলো দিতে এগিয়ে আসেনি।
পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।


