বন্দরে প্রবেশের আগে স্টিয়ারিং গিয়ারে ত্রুটি থাকার তথ্য গোপন করার অভিযোগে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাসে’র মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)।
সোমবার সিপিএর জারি করা এক আদেশ অনুযায়ী, জরিমানার ওপর ১৫ শতাংশ ভ্যাট হিসেবে এর সঙ্গে আরও ১৫ লাখ টাকা যুক্ত করা হয়েছে। ফলে মোট পরিশোধযোগ্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ১৫ লাখ টাকা।
সিপিএর হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ জাহিরুল ইসলামের সই করা এক আদেশে বলা হয়েছে, গত ৩ আগস্ট জাহাজটি বন্দরে বার্থিংয়ের জন্য প্রবেশের সময় ইন্টারন্যাশনাল সেফটি ম্যানেজমেন্ট (আইএসএম) কোড অনুযায়ী পাইলটদের দেওয়া তথ্যপত্রে জাহাজটির স্টিয়ারিং গিয়ারের ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়নি।
তবে আদেশে বলা হয়েছে, জাহাজটি বন্দর চ্যানেলে প্রবেশের কিছুক্ষণ আগে এর মাস্টার পাইলটদের ত্রুটির বিষয়টি জানান এবং ডিএনভি ক্লাসের দেওয়া একটি সনদ তাদের কাছে হস্তান্তর করেন।
সিপিএ জানায়, জাহাজের ত্রুটি এবং ওই ত্রুটির কারণে আরোপিত বিধিনিষেধ সম্পর্কে পাইলটদের না জানিয়ে জাহাজ পরিচালনা করলে বন্দর, জাহাজ, পাইলট, বন্দরের অবকাঠামো এবং অন্যান্য জাহাজের নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে।
সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় কর্তৃপক্ষ মাস্টার ও শিপিং এজেন্টকে এক কোটি টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রযোজ্য ভ্যাটসহ জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে বন্দর তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গত ৫ আগস্ট চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশের সময় স্টিয়ারিং সিস্টেমে ত্রুটির কারণে এমভি সিএনসি ইউরেনাস নিয়ন্ত্রণ হারায়। পরে জাহাজটি একটি নেভিগেশন বয়া ও একটি রিটেইনিং ওয়ালে ধাক্কা দেয় এবং একপর্যায়ে চ্যানেলের মধ্যে আটকে যায়।
সারারাত উদ্ধার অভিযান চালানোর পর জাহাজটিকে নিরাপদে সরিয়ে একটি নিরাপদ জায়গায় নিয়ে রাখা হয়।


